ইয়েমেনের তাইজে পানির সংকটে ঝুঁকিতে ১৬ লাখের বেশি শিশু: ইউনিসেফ

ইয়েমেনের তাইজে সংঘাত তীব্র হওয়া ও জ্বালানির সংকটে পানির সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। এতে ১৬ লাখের বেশি শিশুসহ প্রায় ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ।

মঙ্গলবার (২০ অক্টোবর) জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের ইয়েমেন প্রতিনিধি আখিল আইয়ার এ তথ্য নিশ্চিত করেন।

আখিল আইয়ার বলেন, সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ সরবরাহপথগুলো ব্যাহত হওয়ায় পানি সরবরাহব্যবস্থা সচল রাখা কঠিন হয়ে পড়েছে। ডিজেলের সংকটে পানির পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি, সর্বশেষ উত্তেজনা বৃদ্ধির পর থেকে ট্রাকে করে সরবরাহ করা পানির দাম তিন গুণ বেড়েছে।

তাইজের পানি সরবরাহব্যবস্থার ওপর নির্ভরশীল প্রায় ৩০ লাখ মানুষের মধ্যে অন্তত ১৬ লাখ শিশু রয়েছে জানিয়ে তিনি বলেন, জ্বালানির অভাবে পাম্প বন্ধ হয়ে গেলে এসব মানুষের সুপেয় পানি পাওয়া মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

এর আগে, গত সেপ্টেম্বর থেকে সংঘাত তীব্র হওয়ার পর আনুমানিক ১ লাখ ২০ হাজার মানুষ তাইজে আশ্রয় নিয়েছেন। ইয়েমেনজুড়ে নতুন করে বাস্তুচ্যুত হওয়া মানুষের অর্ধেকেরও বেশি এই গভর্নরেটে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে ইউনিসেফ।

সংঘাতের পাশাপাশি শিশুদের অপুষ্টি পরিস্থিতিও উদ্বেগজনক। ইউনিসেফের তথ্য অনুযায়ী, চলতি বছর, তাইজে, ১ লাখ ৬৮ হাজারের বেশি শিশুর পুষ্টি পরিস্থিতি পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৫২ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।

ডিজেলের সংকটে পানির পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। অপরদিকে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে গমের আটার মজুত প্রায় শেষ হয়ে এসেছে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।