মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সংঘাত এবং যুক্তরাষ্ট্রে খনিজ তেলের মজুত কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারেরও বেশি বেড়েছে।
বুধবার (২১ অক্টোবর) অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম ১.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১০.৩৮ ডলারে এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১.৪ শতাংশ বেড়ে ৯৯.১৮ ডলারে পৌঁছেছে।
বাজার গবেষণা সংস্থা ডিবিএস-এর জ্বালানি গবেষণা প্রধান সুভ্র সরকার জানান, কাতার বা পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি চুক্তির আশা অনিশ্চিত হয়ে পড়া এবং আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্রের তেলের মজুত হ্রাস পাওয়ার খবরে এই দরবৃদ্ধি ঘটেছে।
তেহরানে পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে ইরান স্পষ্ট জানিয়েছে, তাদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা হবে না। সামুদ্রিক নিরাপত্তা সংস্থা কেপলারের মতে, গত দুই সপ্তাহে অন্তত ১৮টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে এবং ইরান কৌশলগত গুরুত্বপূর্ণ প্রণালী ছাড়িয়ে ওমান উপসাগরেও তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।
সৌদি আরবে সৌদি আরামকোর ইয়ানবু কেন্দ্র, শায়বাহ তেলক্ষেত্র এবং রিয়াদ ও আবহা বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আক্রমণ চালিয়েছে। পাশাপাশি ইয়েমেনি সরকারি বাহিনীর ওপর হুতিদের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও ডিজেলের মূল্যবৃদ্ধি মোকাবিলায় মার্কিন জ্বালানি বিভাগ আন্তর্জাতিক রিফাইনারিগুলোর সঙ্গে কাজ করার কথা জানিয়েছে।
সূত্র: রয়টার্স