ইন্টারনেট বন্ধ থাকলেও নির্দিষ্ট সময়ে যাবে মেসেজ, হোয়াটসঅ্যাপে আসছে বড় সুবিধা

ইন্টারনেট সংযোগ বন্ধ থাকলেও নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ পৌঁছে যাবে প্রাপকের কাছে—জনপ্রিয় বার্তা আদান-প্রদানকারী প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হতে যাচ্ছে এমনই এক চমকপ্রদ সুবিধা। নতুন এই ‘মেসেজ শিডিউলিং’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা বার্তা, ছবি বা ভিডিও আগে থেকেই নির্দিষ্ট সময়ের জন্য শিডিউল করে রাখতে পারবেন।

ফলে প্রিয়জনের জন্মদিনে রাত ১২টায় শুভেচ্ছা পাঠানো কিংবা জরুরি কোনো তথ্য সময়মতো জানাতে আর নির্দিষ্ট মুহূর্তে অনলাইনে থাকার প্রয়োজন হবে না।

প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা সংস্করণ ২.২৬.৪০.৭-এ নতুন ফিচারটি পরীক্ষা করা হচ্ছে। এটি চালু হলে ব্যবহারকারীরা কাঙ্ক্ষিত চ্যাটে গিয়ে মেসেজ লেখার পর সেন্ড বাটন কিছুক্ষণ চেপে ধরে রাখলেই একটি পপ-আপ উইন্ডো দেখতে পাবেন। সেখান থেকে মেসেজ পাঠানোর নির্দিষ্ট তারিখ ও সময় নির্বাচন করা যাবে।

শুধু লিখিত বার্তা নয়, ছবি, ভিডিও ও লিংকও নির্ধারিত সময়ে পাঠানোর জন্য শিডিউল করা যাবে। ছবি বা ভিডিও পাঠানোর আগে তাতে ফিল্টার, ক্যাপশন কিংবা ড্রয়িং যুক্ত করার সুবিধাও থাকবে। এতে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী বার্তা তৈরি করে আগেই পাঠানোর প্রস্তুতি নিতে পারবেন।

নতুন ফিচারের মাধ্যমে অন্তত ১০ মিনিট পর থেকে শুরু করে আগামী ১৪ দিনের মধ্যে যেকোনো সময়ের জন্য মেসেজ শিডিউল করা যাবে। নির্ধারিত সময় আসার ব্যবহারকারীরা আগপর্যন্ত চাইলে শিডিউল করা বার্তা সম্পাদনা কিংবা মুছে ফেলাও সম্ভব হবে। ফলে পরিকল্পনা পরিবর্তন হলে নতুন করে বার্তা তৈরি করার প্রয়োজন পড়বে না।

ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপেও ব্যবহার করা যাবে এ সুবিধা। গ্রুপে জরুরি ঘোষণা, প্রয়োজনীয় তথ্য কিংবা নির্দিষ্ট সময়ে পাঠানোর মতো বার্তা আগেই তৈরি করে রাখা যাবে। এতে ব্যস্ততার কারণে গুরুত্বপূর্ণ বার্তা পাঠাতে ভুলে যাওয়ার আশঙ্কা কমবে।

ফিচারটির উল্লেখযোগ্য দিক হলো, নির্ধারিত সময়ে ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও কিংবা হোয়াটসঅ্যাপ অ্যাপ খোলা না থাকলেও বার্তা স্বয়ংক্রিয়ভাবে পাঠানোর ব্যবস্থা থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ইন্টারনেট সংযোগ ছাড়াই বার্তা পাঠানোর বিষয়টি প্রযুক্তিগতভাবে কীভাবে কাজ করবে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়।

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। শিডিউল করা বার্তাগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে বলে জানা গেছে। ফলে নতুন সুবিধা চালু হলেও বার্তা আদান-প্রদানের ক্ষেত্রে বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা বজায় রাখার পরিকল্পনা রয়েছে প্ল্যাটফর্মটির।

বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপের নির্দিষ্টসংখ্যক বিটা ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে এটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। পরীক্ষা শেষ করে কবে নাগাদ ফিচারটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি।