লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

কুমিল্লার লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকামুখী রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বলেন, ইঞ্জিনসহ ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনার পর থেকে চট্টগ্রাম থেকে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে, ট্রেনটির যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন এবং গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

রেলওয়ে কর্মকর্তারা জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু হবে। উদ্ধার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে।