টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধরা হলেন লালচান (৬৫), নাসিমা (৫০) ও তানিশা (১৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার।

তিনি জানান, সকালে টঙ্গীর চেরাগআলী এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়ে জরুরি বিভাগে আসেন। তাদের মধ্যে লালচানের শরীরের ৯৫ শতাংশ, নাসিমার ৮৫ শতাংশ এবং তানিশার ৮৫ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।