বগুড়ার সোনাতলায় ছেলের মৃত্যুর খবর শোনার ঘণ্টাখানেকের মধ্যে মারা গেছেন মা তারা বেগম (৬২)।মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে মা-ছেলের মৃত্যু হয়। বুধবার (২১ অক্টোবর) সকালে তাদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।
মারা যাওয়া ছেলে তারাজুল ইসলাম (৪৫) ও তার মা তারা বেগম উপজেলার বালুয়া ইউনিয়নের ধর্মকুল গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে বগুড়া শহরে রিকশা চালাতে যান তারাজুল। বিকেলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। ছেলের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে মা তারা বেগম, তার স্ত্রী, সন্তান ও স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। ছেলের মৃত্যুতে শোকে ভেঙে পড়েন মা তারা বেগমও।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মসজিদের মাইকে তারাজুলের মৃত্যুর খবর প্রচার করা হলে তারা বেগম আরও অস্থির হয়ে পড়েন। এর ঘণ্টাখানেক পর তিনিও মারা যান। মা-ছেলের এমন মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।
বালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, ছেলের মৃত্যুর খবর পেয়ে তার মা মারা গেছেন। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। বুধবার সকালে মা ও ছেলেকে তাদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।