খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, পাশে পড়ে ছিল নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মো. তুষার (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশে আনসার উদ্দিন লেন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় মরদেহের পাশে তার ব্যবহৃত কালো রঙের নম্বরপ্লেটবিহীন একটি আর-১৫ মোটরসাইকেল পড়ে ছিল।

নিহত তুষার নগরীর জিন্নাহপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, তিনি নগরীর শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট পলাশের সহযোগী ছিলেন। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র ও চাঁদাবাজির মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদ্রাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তুষার মোটরসাইকেলে সেখান থেকে চলে আসার সময় আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তুষারের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন তুষারের গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তুষার নগরীর শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট পলাশের অন্যতম সহযোগী ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির মামলা রয়েছে।

ওসি আরও বলেন, হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিহত তুষারের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।