সৌদি আরবে আরামকোর স্থাপনায় ড্রোন হামলা, নিহত ২

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় দুই প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার (২১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, তেলক্ষেত্রের একটি প্রক্রিয়াজাতকরণ স্থাপনায় ড্রোনটি আঘাত হানার চেষ্টা করলে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি প্রতিহত করে।

তবে হামলার চেষ্টায় তেলক্ষেত্রে ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি গাড়িতে আগুন ধরে যায়। গাড়িটি স্থাপনার সীমানার বাইরে ছিল। এ ঘটনায় তেলক্ষেত্রের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

নিহত দুজনের একজন ফিলিপাইনের এবং অন্যজন নেপালের নাগরিক। আহত দুজনের একজন পাকিস্তানি এবং অন্যজন ভারতীয় নাগরিক।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে মন্ত্রণালয়।

সূত্র: সৌদি গেজেট