পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে অবৈধ তেল স্থানান্তরের সঙ্গে জড়িত চারটি জাহাজকে তাদের বাহিনী লক্ষ্যবস্তু করেছে এবং এর ফলে সেগুলোতে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রিভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সংস্থাটি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালির পশ্চিমে আরও তিনটি জাহাজ মাইন বিস্ফোরণের শিকার হয়েছে।
আইআরজিসি নৌবাহিনী উল্লেখ করে, বিশাল জাতীয় সমর্থনে তাদের নৌসেনারা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা অব্যাহত রেখেছে। বেআইনিভাবে মাইন পোঁতা পথ দিয়ে জাহাজ চলাচলে যুক্তরাষ্ট্রের উসকানির কারণেই দিন দিন সামুদ্রিক দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ করে তারা।
মার্কিন বাহিনীকে কড়া হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি নৌবাহিনী সতর্ক করে জানিয়েছে, এই প্রবণতা অব্যাহত থাকলে সংঘাতের পরিধি আঞ্চলিক মার্কিন সামরিক ঘাঁটিগুলো পর্যন্ত বিস্তৃত হবে।
সূত্র: মিডল ইস্ট আই