নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। জানা গেছে, আগামী ডিসেম্বরের মধ্যে পৃথক গেজেট জারির মাধ্যমে এমপিওভুক্ত জনবলকে নতুন বেতন কাঠামোয় আনার পরিকল্পনা রয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২০১৫ সালে ৮ম পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য পৃথক গেজেট দ্রুত জারি করা হয়েছিল। তবে ওই সময় তাদের নতুন বেতন স্কেল বাস্তবায়ন করতে ছয় মাস সময় লেগেছিল। ফলে এবারও কিছুটা সময় লাগছে। তবে ৮ম পে-স্কেলের মতো এত দীর্ঘ সময় লাগবে না।

এদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম পে-স্কেল পাবেন বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

তিনি বলেন, ‘আমরা চাই, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা যেন দ্রুত নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পান। এ জন্য মন্ত্রণালয়ের সঙ্গে নিয়নিত আলোচনা হচ্ছে। হয়তো কিছুটা দেরি হবে। তবে শিক্ষকরাও নতুন পে-স্কেলে বেতন পাবেন।

জানা গেছে, নতুন পে-স্কেলের আওতায় এমপিওভুক্ত ৬ লাখ ২ হাজার ৩৫৯ জন শিক্ষক-কর্মচারীকে আনতে অতিরিক্ত ১৩ হাজার ৩৯২ কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে বেতন-ভাতা বাবদ ব্যয় হবে ১২ হাজার ৫১৮ কোটি টাকা। বাকি অর্থ প্রয়োজন হবে পেনশন খাতে।