হারের পর হৃদয় বললেন, ‘অন্তত ১০০ রান কম করেছি’

জিম্বাবুয়ের পর আফগানিস্তানের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে একেবারে খালি হাতে ফিরছে বাংলাদেশ। দলের এমন ভরাডুবির বড় কারণ ব্যাটারদের ব্যর্থতা। যা অকপটে স্বীকার করেছেন টাইগার দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়। ১০০ রান কম করায় আফগানদের কাছে হারতে হয়েছে বলে মনে করেন তিনি। 

বুধবার (২১ অক্টোবর) দুবাইয়ের শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ দল। তবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি তারা। ৪২তম ওভারেই মাত্র ১৬০ রানে গুটিয়ে যায় টাইগাররা। 

সেই লক্ষ্য তাড়ায় নেমে আফগানিস্তান ৮৭ বল হাতে রেখেই ৭ উইকেটের সহজ জয় তুলে নেয়। রোববার (২৫ অক্টোবর) ফাইনালে আফগানরা মুখোমুখি হবে জিম্বাবুয়ের।

ব্যাটারদের ব্যর্থতা নিয়ে হৃদয় বলেন, ‘আমার যেটা মনে হয়েছে, কোন কোন জায়গা বলতে চাচ্ছি না। তবে খুব ক্লিয়ার একটা জায়গা– আমরা ব্যাটাররা দুটো ম্যাচেই বাজে ব্যাটিং করেছি। যে কারণে পুরো দল সাফার করেছে।’ 

অন্তত আরও ১০০ রান করা উচিত ছিল দাবি করে তিনি আরও বলেন, ‘৪০-৫০ রান না। আমরা অন্তত ১০০ রান কম করেছি। এটা ব্যাটিংয়ের জন্য খুবই ভালো উইকেট। টপ অর্ডার থেকে বড় রান করতে হবে।’

আসন্ন এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপের আগে এই সিরিজ থেকেও শিক্ষা নেওয়ার কথাও জানিয়েছেন হৃদয়। তিনি বলেন, ‘এই সিরিজ থেকে আসলে শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। ব্যাটিংয়ে, এমনকি ফিল্ডিংয়েও আমাদের কিছু জায়গায় উন্নতি করতে হবে। আমাদের হাতে সময় আছে। এশিয়া কাপ আবার আমাদের দেশেই হবে। আশা করি ঘুরে দাঁড়াবো।’