মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

রাজধানীর মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে এক যুবকের কাছ কাছ থেকে দুটি আইফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মানিক মিয়া (২৩) নামে তিনটি ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেন। ফোন দুটি উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ছিনতাইয়ের শিকার যুবকের নাম মাসফিকুর রহমান। তিনি অস্ট্রিয়ায় অধ্যয়নরত। তার স্ত্রী আয়েশা নিগার মিথিলা ফার্মেসি বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তারা মোহাম্মদপুরের একটি বাসায় থাকেন।

পুলিশ জানায়, বুধবার (২১ অক্টোবর) বিকেল পৌনে চারটা থেকে চারটার মধ্যে মোহাম্মদপুর থানার ৪ সলীমুল্লাহ রোডের ৭ নম্বর বাসার সামনে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। এ সময় চার যুবক একটি অটোরিকশায় করে এসে চাপাতি দেখিয়ে ওই যুবকের হাত থেকে দুটি আইফোন ছিনিয়ে নেয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা চাপাতি দেখিয়ে ভয়ভীতি সৃষ্টি করেন। এরপর অটোরিকশায় করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা।

ঘটনার পর মোহাম্মদপুর থানা-পুলিশের একাধিক দল ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং মোবাইল ফোন উদ্ধারে অভিযান শুরু করে। এ সময় মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়।

ওসি আব্দুল হালিম জানান, গ্রেপ্তার মানিকের দেওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাই হওয়া আইফোন দুটির বর্তমান অবস্থান রাজধানীর কাফরুল এলাকায় শনাক্ত করা হয়েছে। মোবাইল ফোন দুটি উদ্ধারে মোহাম্মদপুর থানার একটি দল কাফরুলের উদ্দেশে রওনা হয়েছে।