চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় শরীয়তপুরের ডামুড্যা উপজেলার মারুফ বেপারি (৪৩) নামে এক প্রবাসী ব্যবসায়ীকে গুলি করে হত্যা করার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। স্থানীয় চাঁদাবাজদের দাবি করা চাঁদা পরিশোধ না করায় তাকে হত্যা করা হয় বলে নিহতের পরিবার ও স্থানীয় প্রবাসীদের দাবি।

বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের বুস্টার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে মারুফের মৃত্যুর খবর দেশের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়।

নিহত মারুফ বেপারি ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিড্যা এলাকার প্রয়াত আব্দুস সোবহান বেপারির ছেলে। তিনি তিন সন্তানের জনক।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১৪ বছর ধরে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছিলেন মারুফ। সেখানে কেপটাউনের বুস্টার এলাকায় দোকান পরিচালনা করতেন তিনি। স্থানীয় প্রবাসীদের অভিযোগ, ওই এলাকায় ব্যবসা করার জন্য একটি সশস্ত্র গোষ্ঠী প্রতিনিয়ত মারুফের কাছে প্রতি মাসে ৫০০ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড চাঁদা দাবি করত।

নিহতের ভাতিজা কামরুজ্জামান বেপারি জানান, গত তিন মাসের মধ্যে তার কাকার দোকান দুই মাস বন্ধ ছিল এবং মাত্র এক মাস খোলা ছিল। তাই মারুফ বেপারি শুধু এক মাসের চাঁদা দিতে চান। কিন্তু চাঁদাবাজরা তিন মাসের চাদাই দাবি করে। এ নিয়ে তাদের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণ পর অস্ত্র নিয়ে ফিরে এসে মারুফকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।

বর্তমানে মারুফ বেপারির মরদেহ দক্ষিণ আফ্রিকার একটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা চেয়েছেন নিহতের শোকসন্তপ্ত স্বজনরা।

সিড্যা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুবেল আকন বলেন, “প্রবাসীরা আমাদের রেমিট্যান্স যোদ্ধা। বৈশ্বিক প্রেক্ষাপটে তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দূতাবাসগুলোর মাধ্যমে প্রবাসীদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

এ বিষয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, স্বজনদের মাধ্যমে বিষয়টি তারা জানতে পেরেছেন এবং এ বিষয়ে আরও বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।