হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৩

রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন।

তিনি জানান, বুধবার রাতে ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর এ ঘটনায় মামলা করা হয়। পরে হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় অংশ নেওয়া অন্যদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় অভিযান জোরদার করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাজারীবাগের শিকদার মেডিকেলের পেছনে মেন্ডী ডেন্টাল রোডে ২৩টি মোটরসাইকেলে করে ৪৫ থেকে ৫০ জন ব্যক্তি সেখানে প্রবেশ করেন। তাঁদের মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। এরপর প্রায় ১৮ মিনিট ধরে এ জে আর কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

জমির ভাড়া নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। এ জে আর কুরিয়ার সার্ভিসের কর্মকর্তাদের দাবি, প্রায় দুই বছর আগে শিকদার গ্রুপের সঙ্গে চুক্তি করে জমিটি ভাড়া নেয় প্রতিষ্ঠানটি। এরপর থেকে চুক্তি অনুযায়ী শিকদার গ্রুপকে নিয়মিত ভাড়া পরিশোধ করে আসছিল তারা।

তবে অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ভবিষ্যতে জমির ভাড়া শিকদার গ্রুপকে না দিয়ে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দিতে বলেন। তাদের এ দাবি না মানলে প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন কর্মকর্তারা।

হামলার ঘটনায় প্রতিষ্ঠানের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের পক্ষ থেকে অভিযোগ দেওয়ার পর হাজারীবাগ থানায় মামলা করা হয়। মামলায় ৭০ থেকে ৮০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে মামলায় সানজিদুল ইসলাম ইমনের নাম উল্লেখ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।