সিরাজগঞ্জের রায়গঞ্জে বিশ্বাস সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন গোডাউন, মেশিন ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১২টার দিকে উপজেলার প্রসিদ্ধ চান্দাইকোণা বন্দরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিশ্বাস সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, ব্যবসায়ী মো. জহুরুল ইসলামের তুলার গোডাউন ও লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ভূঞাগাঁতী জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. নেজামুল ইসলাম জানান, বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন। বৈদ্যুতিক ওয়্যারিংয়ে নিম্নমানের তার ব্যবহারের কারণে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দোকানিরা ঘুমিয়ে থাকা অবস্থায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। তবে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।