ফিফা নারী ক্লাব বিশ্বকাপের প্রথম আসর আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৮ সালের ৫ থেকে ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় অংশ নেবে বিশ্বের ১৯টি নারী ক্লাব। তবে টুর্নামেন্টের ম্যাচগুলো কোন কোন শহরে অনুষ্ঠিত হবে, তা এখনো ঘোষণা করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফিফা জানিয়েছে, প্রথম আসরের পর প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হবে নারী ক্লাব বিশ্বকাপ। নারী ফুটবলের ক্লাব পর্যায়ে এটিকে গুরুত্বপূর্ণ একটি সংযোজন হিসেবে দেখা হচ্ছে।
ইতোমধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করেছে সাতটি দল। এগুলো হলো ইংল্যান্ডের আর্সেনাল, স্পেনের বার্সেলোনা, মেক্সিকোর আমেরিকা, যুক্তরাষ্ট্রের গোথাম এফসি, ব্রাজিলের করিন্থিয়ান্স, চীনের উহান জিয়াংদা এবং উত্তর কোরিয়ার নেগোহ্যাং এফসি।
সম্প্রতি বড় আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজনের অভিজ্ঞতা থাকায় যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়ার কথা জানিয়েছে ফিফা। গত বছর দেশটিতে সম্প্রসারিত ফরম্যাটে পুরুষদের প্রথম ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। ফাইনালে পিএসজিকে হারিয়ে শিরোপা জেতে ইংলিশ ক্লাব চেলসি। এ ছাড়া ২০২৬ সালের পুরুষদের বিশ্বকাপও যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে।
ফিফার নারী ফুটবল বিভাগের প্রধান সারাই বারেম্যান বলেন, সংস্থাটির শীর্ষ পর্যায়ের টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সক্ষমতা, দেশটিতে নারী ফুটবলের প্রতি ব্যাপক আগ্রহ এবং উন্নত ক্রীড়া অবকাঠামো—সব মিলিয়ে দেশটিকে উপযুক্ত আয়োজক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সূত্র: ফিফা