রূপগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফিট সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার কাঞ্চনমুখী সড়কের ভূঁইয়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যান চালক।

নিহতরা হলেন- রুদ্র (২০) ও ইয়াসিন (২০)। তারা দুজনই রূপগঞ্জের বেইলারটেক এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহত শ্রাবণ মিয়া (২০) বাগবের সিটি মার্কেট এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ৩০০ ফিট সড়কের ভূঁইয়া ব্রিজের ঢালে কাঞ্চনমুখী সড়কে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহী শ্রাবণ মিয়া আহত হন। সংঘর্ষের পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে কাঞ্চন হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আহত শ্রাবণ মিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

কাঞ্চন হাইওয়ে পুলিশ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। ঘাতক ট্রাক ও চালকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।