উখিয়ায় অর্ধলক্ষাধিক ইয়াবাসহ ৩ জন আটক

কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনীর সহায়তায় পুলিশের পৃথক দুটি অভিযানে ৫০ হাজার ৮৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করেছে পুলিশ। এ ছাড়া দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় এসব অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন উখিয়ার বালুখালী ক্যাম্পের বাসিন্দা সুলতান আহম্মদের ছেলে মো. ইসমাইল (৪০), কুতুপালং ক্যাম্পের মৃত আবু সুফিয়ানের ছেলে মো. জাহেদ হোসেন (২৫) এবং পালংখালীর মৃত নুর সালামের ছেলে নুর আহাম্মদ ওরফে মেহেদী (৫৪)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, রাতে পুলিশের একটি দল নিয়মিত টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশায় করে বিক্রির উদ্দেশ্যে কুতুপালং বাজারের দিকে নিয়ে যাচ্ছেন মাদক কারবারিরা। এ তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দলের সহায়তায় ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়।

তিনি জানান, অভিযানের প্রথম পর্যায়ে পালংখালীর দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে কৌশলে সিএনজিটি আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী মো. ইসমাইল ও চালক মো. জাহেদ হোসেনের কাছ থেকে পাঁচটি জিপার পলিপ্যাকে রাখা ৮৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁদের দুজনকে আটক করার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

ওসি আরও জানান, একই রাতে দ্বিতীয় অভিযানে পালংখালীর দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। পরে চালক নুর আহাম্মদ ওরফে মেহেদীর দুই পায়ের মাঝখানে রাখা একটি সাদা পলিথিনের ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়।

পৃথক দুটি অভিযানে মোট ৫০ হাজার ৮৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, একটি সিএনজি, একটি ব্যাটারিচালিত ইজিবাইক ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।