ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৬২তম জন্মদিন ছিল গত ২২ অক্টোবর। এ উপলক্ষে বলিউড ও দক্ষিণী চলচ্চিত্রজগতের একাধিক তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানানো তারকাদের তালিকায় রয়েছেন শাহরুখ খান, অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত, রীতেশ দেশমুখ ও বিজয় দেবেরাকোন্ডা।
বলিউড অভিনেতা শাহরুখ খান এক বার্তায় অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার সুস্বাস্থ্য, সুখ এবং দেশের জন্য কাজ চালিয়ে যাওয়ার শক্তি কামনা করেন। আগামী বছরটি যেন তার ভালো কাটে, সেই প্রার্থনাও জানান শাহরুখ।
অভিনেতা অক্ষয় কুমারও অমিত শাহকে শুভেচ্ছা জানিয়েছেন। বার্তায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সুস্বাস্থ্য ও দৃঢ় সংকল্প কামনা করেন। পাশাপাশি মহাদেবের আশীর্বাদ তার ওপর সব সময় থাকুক বলে প্রার্থনা করেন।
অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউত অমিত শাহের সঙ্গে একটি ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি অমিত শাহের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আনন্দময় জীবন কামনা করেন। একই সঙ্গে দেশের অগ্রগতিতে তার অবদান অব্যাহত থাকুক বলে আশা প্রকাশ করেন।
অভিনেতা রীতেশ দেশমুখও অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন। দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রীর সুস্বাস্থ্য, শক্তি ও সাফল্য কামনা করেন।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তার প্রশাসনিক দূরদর্শিতা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থাকে আরও কার্যকর করতে ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন মোদি। মাওবাদ দমন ও মাদকমুক্ত সমাজ গঠনে অমিত শাহের ভূমিকার প্রশংসা করে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন প্রধানমন্ত্রী।