লিটনকে নিয়েই ঢাকা টেস্টের দল ঘোষণা বাংলাদেশের 

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে লাল বলে দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ঢাকায় ২৮ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। শুক্রবার (২৩ অক্টোবর) প্রথম টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে জায়গা পেয়েছেন ইনজুরির কারণে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে পড়া লিটন দাস। এছাড়া রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক।

তবে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে খেলা স্কোয়াড থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও সৈয়দ খালেদ আহমেদ। নতুন করে টেস্টে ফিরেছেন তাসকিন আহমেদ। এছাড়া হাসান মাহমুদ, এবাদত হোসেন ও শরীফুল ইসলাম আছেন। স্পিনারদের মধ্যে নাঈম হাসান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ রয়েছেন স্কোয়াডে।

২৮ অক্টোবর থেকে বাংলাদেশ ও উইন্ডিজদের প্রথম টেস্ট হবে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। এরপর দ্বিতীয় টেস্ট খেলতে উভয় দল সিলেটে ‍উড়াল দেবে। সেখানে ৫ থেকে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ঢাকা টেস্টে বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মো. সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।