দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭১ জনে।
শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫২১ জন, চট্টগ্রাম বিভাগে ২১৯ জন, বরিশাল বিভাগে ১৫৯ জন, খুলনা বিভাগে ১৪৭ জন, রাজশাহী বিভাগে ১১৩ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রংপুর বিভাগে ৩৮ জন এবং সিলেট বিভাগে দুজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮০১ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪০৭ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ২৩ জন চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরে এ রোগে প্রাণ হারিয়েছেন মোট ৩৭১ জন।