আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে লাল বলে দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ঢাকায় ২৮ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। শুক্রবার (২৩ অক্টোবর) প্রথম টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে জায়গা পেয়েছেন ইনজুরির কারণে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে পড়া লিটন দাস। তবে দলে থাকলেও এই উইকেটরক্ষক ব্যাটারকে নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
বাংলাদেশ দল নিয়ে হাবিবুল বাশার বলেন, ‘ভিশন ইজ ভেরি ক্লিয়ার। এই দুইটা ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি আমাদের দলটা দেখুন, খুব বেশি পরিবর্তন করিনি।’
লিটনকে নিয়ে শঙ্কার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘যদিও লিটনকে নিয়ে একটু কনসার্ন আছে। তবে আমরা আশাবাদী সে ঠিক হয়ে যাবে। তাহলে আমাদের খুব বেশি পরিবর্তন করতে হবে না। আমরা আশাবাদী এবং আত্মবিশ্বাসী।’
এদিকে ওয়ানডেতে লিটন এখন নাম্বার ফোরে ব্যাট করছেন। ব্যাটিং অর্ডার নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘লিটন তো এখন চার নম্বরে ব্যাট করছে। বেশ কয়েকটি সিরিজ থেকেই ওপেন করছে না। সে আমাদের চার নম্বরের ব্যাটার। নম্বর ফাইভ তাওহীদ হৃদয়।’