পটুয়াখালীর বাউফলে আলগী নদী থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে বাউফল পৌরসভার বাংলাবাজার জামে মসজিদ-সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় মরদেহের গলার সঙ্গে ইট বাঁধা ছিল বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, শুক্রবার দুপুর ২টার দিকে বাংলাবাজার জামে মসজিদের ঘাটের অদূরে নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন তারা। পরে বিষয়টি বাউফল থানায় জানানো হয়। খবর পেয়ে কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের কার্যক্রম শুরু করেন। পরে বিকেল পৌনে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সরোয়ার হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি অর্ধগলিত হওয়ায় মুখমণ্ডল দেখে পরিচয় শনাক্ত করার উপায় নেই। তবে সেটি একজন পুরুষের। তার দুই হাত বাঁধা ছিল এবং গলার সঙ্গে ইট বাঁধা ছিল।
এসআই সরোয়ার হোসেন আরও জানান, মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।