ভারতের বিক্ষোভে যোগ দিচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী ও অর্থনীতিবিদ পারকালা প্রভাকর। শুক্রবার (২৩ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে তার সঙ্গে একই মঞ্চে থাকার কথা রয়েছে অভিনেতা-অ্যাক্টিভিস্ট প্রকাশ রাজ, ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির।

‘পিপল এগেইনস্ট এসআইআর’ জোটের আয়োজনে এ কর্মসূচিতে অধিকারকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা অংশ নেবেন। আয়োজকদের দাবি, এসআইআর প্রক্রিয়া বাতিল করতে হবে এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে।

ভারত সরকারের অর্থনৈতিক নীতির কড়া সমালোচক হিসেবে পরিচিত পারকালা প্রভাকর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘প্রতিটি গলিতে জন্তর মন্তর! শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬। গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের পদযাত্রা। আসুন, চ্যালেঞ্জ মোকাবিলায় এগিয়ে আসি।’

এ কর্মসূচিতে প্রভাকরের সঙ্গে জ্যেষ্ঠ আইনজীবী প্রশান্ত ভূষণ, কৃষক নেতা রাকেশ টিকায়েত, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা ও লেখক তুষার গান্ধীরও অংশ নেওয়ার কথা রয়েছে। এসআইআরবিরোধী জোটটি বিরোধী দলগুলোর ইন্ডিয়া ব্লককেও কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। তবে তাদের অংশগ্রহণ এখনো নিশ্চিত হয়নি।

গত ৮ অক্টোবর বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ককরোচ জনতা পার্টির আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতেও অংশ নিয়েছিলেন প্রভাকর। ওই কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন ইউটিউবার ধ্রুব রাঠি ও অভিনেতা প্রকাশ রাজসহ অন্যরা।

নির্মলা সীতারমণের সঙ্গে বিজেপির দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও প্রভাকর ক্ষমতাসীন দলটির সমালোচক হিসেবে পরিচিত। ‘দ্য ক্রুকড টিম্বার অব নিউ ইন্ডিয়া’ বইয়ে তিনি নোট বাতিলসহ ভারতের বিভিন্ন সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছেন। পাশাপাশি বেকারত্ব বৃদ্ধি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বল হয়ে পড়া নিয়েও উদ্বেগ জানিয়েছেন।

অন্ধ্রপ্রদেশের নারসাপুরামে জন্ম নেওয়া প্রভাকরের সঙ্গে নির্মলা সীতারমণের পরিচয় হয় দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা থাকলেও ১৯৮৬ সালে তাঁরা বিয়ে করেন।

প্রভাকরের রাজনৈতিক সম্পৃক্ততা শুরু হয় ২০০৯ সালে অভিনেতা চিরঞ্জীবীর প্রতিষ্ঠিত প্রজা রাজ্যম পার্টির সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে। পরে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সরকারের যোগাযোগবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০১৮ সালের এপ্রিলে পদত্যাগ করেন প্রভাকর। এর কয়েক সপ্তাহ আগে অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবিতে বিরোধের জেরে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে যায় তেলুগু দেশম পার্টি (টিডিপি)। ওই সময় বিরোধীরা অভিযোগ তুলেছিল, নির্মলা সীতারমণ বিজেপির সঙ্গে যুক্ত থাকায় অন্ধ্রপ্রদেশের স্বার্থের সঙ্গে আপস করতে পারেন প্রভাকর।

সূত্র: ইন্ডিয়া টুডে