বর্তমান সরকার গণবিরোধী ও গণতন্ত্রবিরোধী কার্যক্রম করে জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দায়িত্ব পালনে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে সপ্তাহব্যাপী লিফলেট বিরতণ কর্মসূচি উদ্বোধনে রাজধানীতে এ মন্তব্য করেন তিনি।
এ সময় নাহিদ ইসলাম বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, ‘বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নির্বাচন করেছে। আওয়ামী লীগের ভোটব্যাংককে কাছে টানার জন্য হেন কাজ নেই তারা করেনি। মিথ্যা মামলা দিয়েছে, নিরীহ মানুষের উপর মামলা দিয়ে মামলা বাণিজ্য করেছে। এখনও তারা আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু বন্দোবস্ত পরিবর্তন হয়নি। আমরা আগেই বলেছি শুধু সরকার বা ব্যক্তি পরিবর্তন হলেই হবে না বন্দোবস্তেরও পরিবর্তন হতে হবে।’
লিফলেট বিতরণ কর্মসূচিতে এনসিপির নেতারা বলেন, ‘সরকার জনগণের সাথে ধোঁকাবাজি করছে, নিত্যপণ্যের সকল পণ্যের দাম বাড়িয়ে জনগণকে ভোগান্তিতে ফেলছে।’
এসময়, আগামী ৩০ অক্টোবর ঢাকা মহানগরে ৪ দফা দাবিতে বিক্ষোভ করার ঘোষণা দেয় এনসিপি।