আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন নেইমার। তবে সান্তোসের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা। ফুটবলকে ভালোবাসেন, দীর্ঘ ১৭ বছর ফুটবল খেললেও টিভিতে ম্যাচ দেখা একদমই পছন্দ করেন না তিনি।
‘ভারান্দা গুরমে’ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন, ফুটবল ম্যাচ দেখলে তার রাগ হয়। মূলত মাঠে নিজে খেলতেই পছন্দ করেন তিনি।
নেইমার বলেন, ‘এটা পরিষ্কার যে যখন আমি অবসর নিবো, কোনো কিছুই না করে পুরো একটা বছর কাটিয়ে দিবো। আমি এভাবেই চলবো, আজ যদি ফুটবল খেলার ইচ্ছা জাগে, আমি খেলবো। কিন্তু আজ যদি কোনো কিছুই না করার ইচ্ছা জাগে, আমি কিছুই করবো না।’
খেলার জন্য প্রবল তাড়না অনুভব করলেও নেইমার স্বীকার করলেন, তিনি টিভিতে ম্যাচ দেখেন না। তিনি বলেন, ‘না, আমি এটা পছন্দ করি না। আমি বাস্কেটবল ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে দেখি। ফুটবল দেখলে আমার রাগ হয়।’
নেইমার আরও বলেন, ‘যখন আমি সাক্ষাৎকারে বা আমার বন্ধুদের সঙ্গে আলাপের সময় এটা বলি, কেউই আমাকে বিশ্বাস করে না। আমি ফুটবল ভালোবাসি, কিন্তু খেলতে ভালোবাসি। সোফায় বসে থেকে টিভিতে একটি ম্যাচ দেখা, আমি আসলে পারি না।’