কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের হাতে মদসহ আটক হয়ে হেফাজতে থাকা এক কিশোর অপরাধী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানির পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পালিয়ে যাওয়া ওই কিশোরকে আটকে অভিযানে নেমেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে ৩৫ লিটার চোলাই মদ ও সিএনজিসহ আটক ১৬ বছরের কিশোর থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় প্রস্রাবের কথা বলে কৌশলে পালিয়ে গেছে বলে জানিয়েছেন থানার ওসি এটিএম সিফাতুল মাজদার।
পলাতক রামু উপজেলার উমখালী সওদাগর পাড়া বাসিন্দা বলে জানা গেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ঈদগাঁও থানার ওসির নেতৃত্বে অভিযান চালিয়ে ৩৫ লিটার চোলাই মদ ও একটি সিএনজিসহ ওই কিশোরকে আটক করে। পরে তাকে থানা হেফাজতে এনে রাখা হয়। থানা হাজতের সেলঘরের সামনে থাকা অবস্থায় প্রস্রাব করার কথা বলে টয়লেটে যাবার ভান করে সে কৌশলে পালিয়ে যায়। পরে থানা হেফাজত থেকে মদসহ আটক কিশোর পালানোর বিষয়টি সামনে এসেছে।
ঈদগাঁও থানার ওসি সিফাতুল মাজদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপরাধের সঙ্গে সম্পৃক্ত কিশোরকে হাতকড়া পরানো বা সেলঘরে রাখা যায় না। তাই মদসহ থানায় আনার পর এক কিশোরকে হেফাজতে রাখা হয়েছিল। প্রতারণার আশ্রয় নিয়ে কিশোরটি পালিয়েছে। তাকে আবারও হেফাজতে নেওয়ার চেষ্টা করছে পুলিশ।