এমপির ভাতিজা পরিচয়ে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার, এমপি বললেন ‘আমার কোনো ভাতিজা নেই’

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে পৌরসভার ইজারার টাকা আদায়ের নামে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে আসাদুজ্জামান বিপ্লব নামে এক যুবদল নেতার বিরুদ্ধে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীয়াবাদ মোড়ে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত আসাদুজ্জামান বিপ্লব নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নবীনগরে সংবাদ সংগ্রহের কাজে কয়েকজন টেলিভিশন সাংবাদিক একটি মাইক্রোবাসে করে উপজেলার ধরাভাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। পথে আলীয়াবাদ মোড়ে মাইক্রোবাসটি থামিয়ে ইজারার টাকা দাবি করেন এক যুবক। সাংবাদিকরা নিজেদের জরুরি পরিষেবার আওতাভুক্ত উল্লেখ করে ইজারার টাকা থেকে অব্যাহতির কথা জানান তাকে। এ সময় ওই যুবক সাংবাদিকদের মাইক্রোবাস আটকে রেখে যুবদল নেতা বিপ্লবকে ডেকে আনেন।

পরে বিপ্লব এসে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন এবং ইজারার টাকার নামে চাঁদা আদায়ের চেষ্টা করেন। একপর্যায়ে তিনি সাংবাদিকদের মারতে উদ্যত হন। এ সময় নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের ভাতিজা পরিচয় দিয়ে সাংবাদিকদের ভীতি প্রদর্শনেরও চেষ্টা করেন তিনি।

এ বিষয়ে ইজারাদার জাবেদুল ইসলাম বলেন, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের জন্য বিপ্লবকে ভৎসর্না করা হয়েছে। ইএনও এবং এমপি মহোদয় বলেছেন ইজারা বাতিল করবেন।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীনগর পৌরসভার প্রশাসক রাকিবুল ইসলাম বলেন, সাংবাদিকের গাড়ি থেকে ইজারার টাকা নেওয়ার সুযোগ নেই৷ ইজারাদারের লোকজন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। 

পাশাপাশি ইজারা বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে সংসদ সদস্য আব্দুল মান্নান ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, আমার কোনো ভাতিজা নেই। আমি পৌরসভা কর্তৃপক্ষকে বলছি ইজারা বাতিল করার জন্য।