বিক্ষোভের মুখে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

ফ্রান্সে নতুন করে বিক্ষোভের মুখে সারা দেশে ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমে সদস্য মোতায়েন করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এর বিপরীতে সরকারি বিধিনিষেধের চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির কাউন্সিল অফ স্টেট-এ জরুরি আপিল আবেদন করেছে বামপন্থী ও পরিবেশবাদী বিরোধী দলগুলো।

দ্য ইকোলজিস্টস, ফ্রান্স আনবোড, সোশ্যালিস্ট পার্টি ও কমিউনিস্ট পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জারি করা বিক্ষোভ নিষেধাজ্ঞা এবং রুট পরিবর্তনের নির্দেশের বিরুদ্ধে এই যৌথ আবেদন দায়ের করে। ল্য পারিফাঁ পত্রিকার তথ্যমতে, শনিবার দেশজুড়ে প্রায় ৪ লাখ থেকে ৫ লাখ মানুষ বিক্ষোভে অংশ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগের সপ্তাহের সহিংসতা ও লুটপাটের প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ জানান, সাঁজোয়া যান, জলকামান ও হেলিকপ্টারসহ বিপুল সামরিক সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। প্যারিসে পুলিশ প্রস্তাবিত রুট প্রত্যাখ্যান করে বাসতিল থেকে ঐতিহ্যবাহী রুটেই শোভাযাত্রা করার ঘোষণা দিয়েছে মূল আয়োজকরা। তাছাড়া রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিয়েছে ছাত্র সংগঠন রেনোভো লিসির প্রধান ন্যাথানেল কোমবারি।

পরিস্থিতির অবনতি ঠেকাতে প্যারিস, লিঁও, মার্সেই, লিমোজেসসহ একাধিক শহরে নৈশকালীন কার্ফু, জনসমাবেশে কড়াকড়ি এবং ড্রোন সার্ভেইল্যান্স অনুমোদন করা হয়েছে। ওর্লিন্সে ডানপন্থী ন্যাশনাল র্যালির কংগ্রেস ঘিরেও ৩ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দেশটির বিচারমন্ত্রী জেরাল্ড দারমানিন জানান, আগের সপ্তাহের সহিংসতায় ২৩২ জনকে ইতোমধ্যে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি