যশোরের অভয়নগর উপজেলায় আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ডিএন টেক্সটাইল রেলগেটের অদূরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কা ও চাকায় পিষ্ট হয়ে ওই নারীর মরদেহ খণ্ডবিখণ্ড হয়ে যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে ওই নারীকে রেললাইনের ওপর বসে থাকতে দেখা যায়। সকাল ৭টা ৫১ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় তিনি কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডিএন টেক্সটাইল রেলগেটে দায়িত্বরত গেটম্যান পরশ ইসলাম জানান, ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর দেহ ৭-৮ টুকরায় ছিন্নভিন্ন হয়ে রেললাইনের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার মিন্টু কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম ও ঠিকানা জানা যায়নি।
খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, ট্রেনে কাটা পড়ে শরীর খণ্ডবিখণ্ড হয়ে যাওয়ায় নিহতের মুখমণ্ডল দেখে শনাক্ত করার কোনো উপায় ছিল না। খবর পেয়ে সকাল সাড়ে দশটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের জাতীয় পরিচয়পত্র ও বায়োমেট্রিক তথ্য মিলিয়ে পরিচয় শনাক্তের উদ্দেশ্যে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহ করা হয়েছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।