দিল্লি পুলিশের চাওয়া শান্তি মুচলেকায় স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-র সভাপতি নেহা বোরা। এটি নাগরিকের মৌলিক অধিকার, প্রতিবাদ প্রকাশের অধিকার এবং গণতান্ত্রিক মতভিন্নতার পরিপন্থী হওয়ায় তিনি স্বাক্ষর করবেন না বলে স্পষ্ট করেছেন। শনিবার (২৪ অক্টোবর) টামস নাউ-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দিল্লি হাইকোর্ট নেহা বোরার দায়ের করা রিট পিটিশন খারিজ করে দিলেও বিশেষ নির্বাহী মেজিস্ট্রেটের (এসইএম) বিচারিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার নির্দেশ দিয়েছে। দিল্লি হাইকোর্টের বিচারপতি সুব্রমনিয়াম প্রসাদ নির্দেশ দেন যেন মেজিস্ট্রেট অনুসন্ধান প্রক্রিয়ার সকল তথ্য বোরাকে সরবরাহ করেন এবং কখন মুচলেকা জমা দিতে হবে তা বিবেচনা করেন।
আইসা নেত্রী বোরা জানান, সরকারের কাছে কোনো প্রশ্ন না তোলা বা ভিন্নমতকে দমন করার প্রক্রিয়াকে তারা শান্তি হিসেবে মেনে নেবেন না। তিনি উল্লেখ করেন, সংবিধান নাগরিকদের প্রতিবাদের অধিকার দিয়েছে, কিন্তু এই মুচলেকা সেই অধিকার হরণ করে। আদালতের আদেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এসইএম-এর শুনানিতে হাজির হবেন কিন্তু বন্ডে সই করবেন না।
গত ১৬ অক্টোবর কনট প্লেসে ককরোচ জনতা পার্টির 'লেহরা দো তিরঙ্গা' মিছিলে যোগ দিতে যাওয়ার সময় বোরাকে প্রতিরোধমূলক হেফাজতে নেয় দিল্লি পুলিশ পরে শনিবার (১৭ অক্টোবর) তাকে মুক্তি দেওয়া হয়। এরপর ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ধারার অধীনে তাকে ১০ হাজার রুপির ব্যক্তিগত বন্ড দেওয়ার নোটিশ পাঠানো হয়।
বোরার আইনজীবী অভীক চিমনী আদালতে যুক্তি দেন, জাতীয় পতাকা উত্তোলনের জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই এবং এই নোটিশটি মনগড়া। বিচারক সমস্ত নথিপত্র বোরাকে প্রদান করে আইনি ধারা মেনে পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
সূত্র: টাইমস নাউ