জাপানের বিখ্যাত ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই। ৭৪ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শুক্রবার (২৩ অক্টোবর) তার প্রকাশনা সংস্থা জেনতোশা এ খবর জানিয়েছে।
জেনতোশা তাদের বিবৃতিতে বলেছে, তরুণ প্রজন্মের জন্য সারা জীবন চমকপ্রদ ও চাঞ্চল্যকর লেখা দিয়ে গেছেন যে লেখক, তার হঠাৎ চলে যাওয়ায় তারা গভীর শোকে মুহ্যমান। একটা যুগের অগ্রদূত হিসেবে যিনি জীবনকে পুরোদমে উপভোগ করেছেন, সেই মুরাকামির আত্মার শান্তি কামনা করি আমরা।
মুরাকামির লেখায় যৌনতা, সহিংসতা আর তরুণদের জীবনযাত্রা সবসময় প্রধান জায়গা পেয়েছে। তার প্রথম উপন্যাস ‘অলমোস্ট ট্রান্সপারেন্ট ব্লু’ প্রকাশিত হয় ১৯৭৬ সালে। মাদক আর কামনায় ডুবে থাকা তরুণদের নৈতিক অবক্ষয়ের গল্প নিয়ে লেখা এই বইয়ের জন্য তিনি জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ আকুতগাওয়া পুরস্কার পান।
১৯৮০ সালে বের হয় ‘কয়েন লকার বেবিজ’। লাগেজ লকারে ফেলে রাখা শিশুদের বেঁচে থাকার সংগ্রাম নিয়ে এই উপন্যাসটিও বেশ আলোড়ন তৈরি করেছিল। ১৯৯৭ সালের ‘ইন দ্য মিসো সুপ’-এ টোকিওর রেড লাইট এলাকায় এক পর্যটকের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। তার অনেক উপন্যাসই পরে সিনেমায় রূপান্তরিত হয়েছে।
জাপানি সাহিত্যের এক সময়ের অন্যতম প্রভাবশালী এই লেখকের মৃত্যুতে বিশ্বজুড়ে তার পাঠকরা শোকাহত।