ক্যানসারের কাছে হেরে না ফেরার দেশে তরুণ পেসার হৃদয়

স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন। চট্টগ্রাম বিভাগীয় দলে খেলেছিলেন ১৮ বছর বয়সী পেসার মেহেদী হাসান হৃদয়। তবে হুট করেই জীবনটা বদলে যায়। কয়েক মাস আগে ধরা পড়ে ব্লাড ক্যানসার।

সেই প্রাণঘাতী ক্যানসারের কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হৃদয়। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন এই তরুণ পেসার। তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হৃদয়ের মামা মাপেল হোসেন।

এর আগে তার পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রীড়া মন্ত্রণালয়। চিকিৎসার ব্যয় মেটাতে দুই প্রতিষ্ঠান থেকেই আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল।

গত ২ জুলাই বিসিবির কার্যালয়ে হৃদয়ের বাবার হাতে চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিসিবিও চিকিৎসার জন্য একই পরিমাণ অর্থ সহায়তা দিয়েছিল।