কক্সবাজারে মিমের অবকাশ, নজর কাড়ল ছবি

দেশের বৃহত্তম সমুদ্রসৈকত কক্সবাজারের সৌন্দর্যে মুগ্ধ হন অনেকেই। অবসর পেলেই নীল জলরাশি আর বিস্তীর্ণ বালিয়াড়ির টানে সেখানে ছুটে যান ভ্রমণপিপাসুরা। বাদ যান না শোবিজ তারকারাও। অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের কাছেও কক্সবাজার যেন দ্বিতীয় বাড়ি।

প্রায়ই অবকাশ যাপনে কক্সবাজারে যান মিম। শনিবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক পেজে সেখানকার একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, কোনো একটি রিসোর্টে সময় কাটাচ্ছেন তিনি।

ছবিতে মিমের পরনে ছিল অফ-হোয়াইট রঙের ঢিলেঢালা কুর্তি ও হালকা হলুদ রঙের ফুলেল নকশার পায়জামা। পোশাকে স্বাচ্ছন্দ্য আর সাধারণ সাজেই ধরা দিয়েছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনেও ফুটে উঠেছে কক্সবাজারের প্রতি তাঁর ভালো লাগার কথা।

মিম লিখেছেন, ‘যেখানে (কক্সবাজার) গেলে মনে হয়, ঘরেই আছি।’

অভিনেত্রীর এই কথায় স্পষ্ট, কক্সবাজারে গেলে নিজের ঘরের মতোই স্বস্তি ও প্রশান্তি অনুভব করেন তিনি। ব্যস্ত জীবনের ক্লান্তি দূরে সরিয়ে সেখানে নির্ভার সময় কাটাতেই যেন বারবার ফিরে যান এই অভিনেত্রী।

ছবিগুলো প্রকাশের চার ঘণ্টার মধ্যে সাড়ে চার হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। মন্তব্য করেছেন শতাধিক অনুসারী। কেউ মিমকে নিজের অন্যতম প্রিয় অভিনেত্রী বলে উল্লেখ করেছেন। আবার কেউ তাঁর স্বাভাবিক সাজের প্রশংসা করে লিখেছেন, ‘ন্যাচারাল মেকআপ দারুণ, এটাই চালিয়ে যান।’ ছবিগুলো কোন হোটেলে তোলা, তা জানতে চেয়েও মন্তব্য করেছেন অনেকে।

এদিকে অভিনয়েও ব্যস্ততা রয়েছে মিমের। সম্প্রতি আলভী আহমেদ পরিচালিত ‘জীবন অপেরা’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন শরিফুল রাজ। তবে সিনেমাটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী।

সমুদ্র বিলাসে মিম

বিচ লুকে মিম