সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার সময় অন্য যাত্রীদের জীবন বাঁচাতে গিয়ে সুলতান আল-কাহতানি নামের এক বিমানবন্দর কর্মী মৃত্যুবরণ করেছেন।
গত ২১ অক্টোবর বিমানবন্দরে হামলার পরপরই প্রস্থান গেটের কাছে হঠাৎ আগুন জ্বলে ওঠে। রানওয়েতে থাকা অন্য বিমান ও যাত্রীদের ক্ষতি যেন না হয়, সে জন্য সুলতান ও তার সহকর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। জীবনের ঝুঁকি নিয়ে অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
তবে আগুন নেভানোর সময় সুলতান অতিরিক্ত ধোঁয়ায় আক্রান্ত হন। তার বুকে প্রচণ্ড ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।
নিহত সুলতান ছয় সন্তানের জনক। ছেলের মহৎ আত্মত্যাগ নিয়ে তার বাবা বলেন, দেশ ও মানুষের সেবা করতেই জীবন দিয়েছেন সুলতান। চরম ঝুঁকির মুখে অন্য যাত্রীদের রক্ষা করার এই সাহসিকতার জন্য এখন গোটা সৌদি আরবজুড়ে শ্রদ্ধা ও প্রশংসায় ভাসছেন তিনি।
সূত্র: গালফ নিউজ