‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ ও ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ পরপর ফেসবুকে এমন দুটি পোস্ট দেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান। পোস্ট দুটি দেখে পুলিশসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ছুটে যান তার বাসায়। শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পরে অসুস্থ অবস্থায় আরিফুর রহমানকে প্রথমে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য শনিবার পরিবারের সদস্যরা তাকে ঢাকায় নিয়ে যান।
শিল্পী রানী মোদক জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। পোস্টটি প্রকাশের পর ইউএনওর দপ্তর থেকে জানানো হয়, তার ফোন হ্যাক হয়েছিল। এ বিষয়ে ছড়ানো গুজবে কান না দেওয়ার জন্যও বলা হয়। আরিফুর রহমান প্রায় দুই মাস হয় জামালগঞ্জে এসিল্যান্ডের দায়িত্ব পালন করছেন। তিনি স্ত্রীকে নিয়ে উপজেলা সদরে বসবাস করেন।
এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক বলেন, এসিল্যান্ড মানসিকভাবে খুবই অসুস্থ। কাল রাতে উপজেলার সদরে যা ঘটেছে, তা সবাই দেখেছেন।
ফেসবুক পোস্টে তাকে দায়ী করার কারণ জানতে চাইলে ইউএনও বলেন, ‘এটা আমারও প্রশ্ন। আমি নিজেও বুঝতে পারছি না। পোস্ট দেওয়ার ছয় মিনিট আগেও তিনি আমার বাসায় ছিলেন। উনি সুস্থ হয়ে ফিরে আসার পর কথা বলি, এরপর সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাব।’
ঘটনার বর্ণনা দিয়ে ইউএনও জানান, শুক্রবার ইউএনওর মেয়ের জন্মদিন ছিল।অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন এসিল্যান্ড আরিফুল রহমান শান্ত ও তার স্ত্রী সাদিয়া মৌ সূচনা। অনুষ্ঠান শেষে এসিল্যান্ড তার স্ত্রীকে ইউএনওর কক্ষে রেখে বাইরে বের হন। এর কিছুক্ষণ পর তার সরকারি ফেসবুক আইডি থেকে ওই পোস্ট দেওয়া হয়। এরপর অনেকেই এসিল্যান্ডের বাসায় যান। পুলিশও আসে।
ইউএনও আরও জানান. বাসায় গিয়ে দেখা যায়, তিনি অস্বাভাবিক আচরণ করছেন। তখন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকও আসেন। এসিল্যান্ডের স্ত্রী তাকে ‘হেলোসিন’ ও ‘পারকিনিল’ নামের দুটি ইনজেকশনের কথা বলেন। জামালগঞ্জে সেগুলো পাওয়া না যাওয়ায় বিকল্প একটি ইনজেকশন দেওয়া হয়। তবে তার কোনো পরিবর্তন না আসায় তার স্ত্রী তাকে সিলেটে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। রাতেই তাকে প্রথমে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ওই হাসপাতালের চিকিৎসকের পরামর্শে স্ত্রীসহ পরিবারের লোকজন তাকে ঢাকায় নিয়ে যান।
এসিল্যান্ডের স্ত্রীর বরাত দিয়ে ইউএনও জানান, আরিফুর রহমানের আগে থেকেই মানসিক সমস্যা ছিল। এ ছাড়া তিনদিন আগে জামালগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়। শিশুটির মরদেহ দেখার পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বলে তাঁর স্ত্রী জানিয়েছেন।
শিল্পী রানী মোদকের ভাষ্য অনুযায়ী, ওই অবস্থায় শুক্রবার রাতে আরিফুর রহমান এক আনসার সদস্যকে মারধর করেন এবং তার মেয়েকে হত্যার হুমকি দেন। রাস্তায় যাদের পেয়েছেন, তাদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে জানান তিনি।
জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী জানান, ফেসবুকে পোস্ট দেখে তিনি এসিল্যান্ডের বাসায় গিয়েছিলেন। তার কাছে আরিফুর রহমানকে মানসিকভাবে অসুস্থ বলে মনে হয়েছে। সে সময় সেখানে সাংবাদিক, জনপ্রতিনিধিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ওসি বলেন, এসিল্যান্ডের স্ত্রীর পরামর্শ অনুযায়ী তাকে একটি ঘুমের ওষুধ খাওয়ানো হয়। তবে তাতে কাজ না হওয়ায় ইনজেকশন দেওয়ার কথা ভাবা হয়। কিন্তু সেটি পাওয়া যায়নি। পরে রাত একটার দিকে তাকে সিলেটে পাঠানো হয়।
এসিল্যান্ডের এমন কাণ্ড জামালগঞ্জে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনার পর থেকে তাঁর দাপ্তরিক মুঠোফোন নম্বরটি বন্ধ। বিষয়টি রাতেই জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের জানিয়েছেন ইউএনও শিল্পী রানী মোদক।