গণমাধ্যমে প্রচারণার জন্যই ট্রাম্প ইরানকে হুমকি দেন: আইআরজিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত গণমাধ্যমে প্রচারের উদ্দেশ্যে বারবার ইরানকে হুমকি দেন বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র। একই সঙ্গে নতুন করে সামরিক সংঘাত শুরু হলে তার জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, বর্তমান পরিস্থিতিতে কার্যকর অভিযান চালাতে পারবে না; এ বিষয়টি শত্রুপক্ষ অন্য সবার চেয়ে ভালো জানে। তারা নিজেদের লক্ষ্য অর্জনে নিশ্চিতভাবেই ব্যর্থ হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সম্ভাব্য নতুন হামলার সিদ্ধান্ত আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর নেওয়া হবে। তবে তিনি বারবার দাবি করেছেন, নতুন করে সামরিক অভিযান চালিয়ে যে কোনো সময় ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে পারেন তিনি।

মোহেব্বি বলেন, যুদ্ধসংক্রান্ত মার্কিন বিবৃতিগুলোর উদ্দেশ্য হলো, গণমাধ্যমে এসব বিষয় প্রচারণা ও ইরানের জনগণের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আবারও সামরিক হামলা চালালে তার জবাব দিতে প্রস্তুত থাকবে ইরান। এমনকি সীমিত পরিসরে কোনো পদক্ষেপ নিলেও সশস্ত্র বাহিনীর বর্তমান প্রস্তুতি ও কার্যপরিকল্পনার কারণে ইরানের জবাব হবে কয়েক গুণ বেশি শক্তিশালী।

তথ্যসূত্র: সিবিএস নিউজ