সাংবাদিককে জিম্মি করে মুক্তিপণ দাবি, প্রধান আসামি ‘ভেড়া সাইফুল’ গ্রেপ্তার

চট্টগ্রামের হালিশহরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে অস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিপণ দাবি এবং বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. সাইফুল ওরফে ‘ভেড়া সাইফুল’কে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে হালিশহর থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এর আগে এ মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি সৈকত (২৪), ৮ নম্বর আসামি মো. আরিফ হোসেন (২৬) এবং ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়। সাইফুলকে নিয়ে এ মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জু বলেন, মামলার প্রধান আসামি সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার এবং ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আবুল হোসাইন দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার। গত ১৪ অক্টোবর বিকেল সোয়া ৫টার দিকে তিনি হালিশহর থানার ২৪ নম্বর ওয়ার্ডের রমনা আবাসিক এলাকার ২ নম্বর সড়কে সংবাদ সংগ্রহ করতে যান। এ সময় এজাহারভুক্ত আসামিসহ ১০ থেকে ১২ জন তাকে ঘিরে ধরে মারধর করেন। পরে পিস্তল ও ছুরির ভয় দেখিয়ে পাশের একটি নির্জন সড়কে নিয়ে তাকে জিম্মি করা হয়।

এজাহারের অভিযোগ অনুযায়ী, ওই সাংবাদিকের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার পর দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার মুঠোফোন কেড়ে নিয়ে বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর আদায় করা হয়। পরে বিভিন্ন লেনদেনের মাধ্যমে ওই অ্যাকাউন্ট থেকে আরও ৫৫ হাজার ৩০০ টাকা সরিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে তার কাছ থেকে ৭০ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ছেড়ে দেওয়ার আগে ওই সাংবাদিককে হেয় ও ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তির একটি ভিডিও ধারণ করা হয়। ঘটনাটি প্রকাশ করলে কিংবা পুলিশের কাছে অভিযোগ দিলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় গত ১৫ অক্টোবর ভুক্তভোগী সাংবাদিক আবুল হোসাইন বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।