কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতি আ ফ ম আহসান উদ্দিন টুটুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (২৪ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে তাকে।
এর আগে এদিন দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতোপা এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
গতকাল সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার এ তথ্য নিশ্চিত করে বলেন, টুটুল সম্প্রতি এলাকায় ফিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করার কাজ করছিলেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন টুটুল। সম্প্রতি এলাকায় ফিরে দলকে সংগঠিত করার কাজ করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
টুটুল সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হকের অনুসারী ছিলেন।
তবে তার পরিবারের দাবি, ২০২৪ সালের জুলাই আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে কোনো মামলা নেই। আগামী মাসে তার জাপান যাওয়ার কথা ছিল।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৭ জুন ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটির সভাপতির পদে ছিলেন আ ফ ম আহসান উদ্দিন টুটুল। তিনি সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হকের ঘনিষ্ঠ অনুসারী হিসাবে জেলায় খুব পরিচিত।