কুমিল্লার মনোহরগঞ্জে ফসলি জমির ওপর ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়ে আছে পল্লী বিদ্যুতের উচ্চক্ষমতাসম্পন্ন লাইনের তিনটি খুঁটি। দীর্ঘ আড়াই বছর ধরে খুঁটিগুলো এ অবস্থায় পড়ে থাকায় দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত স্থানীয় কৃষকেরা।
খুঁটিগুলোর ওপর থাকা বিদ্যুতের তারও মাটি থেকে খুব কাছাকাছি ঝুলে রয়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। বিষয়টি একাধিকবার বিদ্যুৎ অফিসকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
উপজেলার উত্তরহাওলা ইউনিয়নের উত্তর ফেনুয়া ও দক্ষিণ ফেনুয়ার সীমান্তবর্তী এলাকায় গিয়ে দেখা যায়, দক্ষিণ ফেনুয়া এলাকায় শামীম রাইস মিলের দক্ষিণ পাশে ফসলি জমির মাঝখান দিয়ে চলে গেছে পল্লী বিদ্যুতের উচ্চক্ষমতাসম্পন্ন মেইন লাইন। প্রায় আড়াই বছর আগে লাইনটির একটি খুঁটি বিপজ্জনকভাবে ফসলি জমির ওপর হেলে পড়ে। বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসকে জানানো হলে খুঁটিটি সোজা না করে পাশে আরেকটি খুঁটি বসিয়ে কোনোমতে ঠেকনা দেওয়া হয়। পরবর্তী সময়ে একই লাইনের আরও দুটি খুঁটি হেলে পড়ে। এরপর থেকে তিনটি খুঁটিই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। খুঁটিগুলোর ওপর থাকা বিদ্যুতের তারও মাটির খুব কাছাকাছি ঝুলে আছে।
স্থানীয় কৃষকেরা জানান, জমিতে হালচাষ, সেচ দেওয়া ও ফসল কাটার সময় তাঁদের আতঙ্কের মধ্যে থাকতে হয়। দুর্ঘটনার আশঙ্কায় অনেকে ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলেন। কৃষি মৌসুমে ট্রাক্টর, পাওয়ার টিলার কিংবা হালচাষে ব্যবহৃত গবাদিপশু নিয়ে চলাচলের সময় ঝুলে থাকা তারের সংস্পর্শে আসার আশঙ্কা থাকে। এ ছাড়া বর্ষা মৌসুমে জমিতে পানি জমলে বিদ্যুতের তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকিও বেড়ে যায়।
স্থানীয় কৃষক শামীম বলেন, “আমরা সব সময় আতঙ্কের মধ্যে মাঠে কাজ করি। আশপাশের ঘরবাড়ির মানুষও নিজেদের জমিতে যেতে ভয় পান। একটু অসাবধান হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”
দুর্ঘটনা এড়াতে এবং কৃষকদের নিরাপদে কৃষিকাজ নিশ্চিত করতে দ্রুত হেলে পড়া খুঁটিগুলো সোজা করা ও ঝুঁকিপূর্ণভাবে ঝুলে থাকা তার নিরাপদ উচ্চতায় স্থাপনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর নাথেরপেটুয়া সাব-জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আহসান হাবীব বলেন, শিগগিরই সরেজমিনে পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।