বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য স্পেনের রাজপরিবার থেকে ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ জিতেছেন লিওনেল মেসি। সেই পুরস্কার নিতে স্পেনে গিয়েছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা। সেখান থেকে যুক্তরাষ্ট্রে ফিরেই নেমেছিলেন মাঠে। তবে মেসি ছিলেন নিজের ছায়া হয়ে। এতে হারতে হয়েছে ইন্টার মায়ামিকেও।
মেজর সকার লিগে নিউইয়র্ক রেড বুলসের কাছে ২-০ গোলে হেরেছে ইন্টার মায়ামি। ম্যাচের ৫৫ মিনিটে মাঠে নামেন মেসি। তার আগে প্রথমার্ধের সপ্তম মিনিটেই ক্যাসেমিরোর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মায়ামি।
রিকুয়েলমে ফিলিপির বদলি হিসেবে মাঠে নামেন মেসি। তবে নিজের চিরচেনা খেলা উপহার দিতে পারেননি আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে আরেক গোল করে রেড বুলসের জয় নিশ্চিত করেন এমিল ফোর্সবার্গ।
এই হারে মায়ামির সাম্প্রতিক দাপুটে পারফরম্যান্সেও ছেদ পড়ল। চলতি মাসে টানা তিন ম্যাচ জিতে প্রতিপক্ষের জালে নয় গোল করেছিল দলটি। রেড বুলসের বিপক্ষে সেই আক্রমণাত্মক ছন্দের ছিটেফোঁটাও দেখা যায়নি। পুরো ম্যাচে গোল করতে না পারার হতাশা নিয়েই ফিরতে হয়েছে মেসিদের।