মাছবাহী পিকআপের চাপায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের চাপায় বাবা ও তার ৬ বছরের মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার মেয়ে সামিরা আক্তার (৬)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মেয়েকে সঙ্গে নিয়ে অটোভ্যানে করে মুকসুদপুর সদর থেকে কাশিয়ানীর দিকে যাচ্ছিলেন সাইফুল ইসলাম রঞ্জু। পথে গোপালগঞ্জগামী একটি মাছবাহী পিকআপ অটোভ্যানটিকে চাপা দেয়। এতে অটোভ্যানে থাকা বাবা ও মেয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাদের।

এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

এসময় দুর্ঘটনায় জড়িত পিকআপটি আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।