চাচার স্বর্ণ চুরি করে গাড়ি কিনে উদ্বোধনে তাকেই ডাকলেন ভাতিজা

ভারতের মহারাষ্ট্রের কোলহাপুর জেলার এক গ্রামে অদ্ভুত ঘটনা ঘটেছে। ১৯ বছরের তরুণ সমর চ্যাভান চাচার বাড়ি থেকে স্বর্ণের গহনা চুরি করে সেই টাকায় মাহিন্দ্রা থার গাড়ি কিনেছেন। তারপর নতুন গাড়ির পূজায় সেই চাচাকেই নিমন্ত্রণ জানিয়েছেন।

সম্প্রতি সমরের চাচা উমেশ মারুতি চ্যাভানের বাড়িতে নতুন গাড়ির পূজার প্রস্তুতি চলছিল। এমন সময় সিন্দুক খুলে দেখা যায়, উমেশের স্ত্রীর প্রায় ১৫০ গ্রাম স্বর্ণের গহনা নেই। পরিবারের সবাই অবাক। বাড়ির ভিতরের খবর বাইরের কেউ জানার কথা নয় বলে সন্দেহ ঘনীভূত হয় পরিচিতদের ওপর।

অভিযোগ পেয়ে তদন্তে নামেন উপপুলিশ সুপার শ্রীকান্ত ঠিকানে ও তার দল। তদন্তকালে পুলিশের নজরে আসে সমরের হঠাৎ করে দামি গাড়ি কেনার বিষয়টি। ১৯ বছরের এক যুবকের হাতে এত টাকা কোথা থেকে এল এই প্রশ্ন থেকেই সন্দেহের তীর সমরের দিকেই যায়।

জিজ্ঞাসাবাদে একপর্যায়ে সমর চুরির কথা স্বীকার করেন। তিনি জানান, চাচার বাড়ি থেকে স্বর্ণের গহনা চুরি করে বিক্রি করে প্রায় ১০ লাখ রুপি পেয়েছেন। সেই টাকায়ই নতুন গাড়ি কেনেন।

গল্পের সবচেয়ে চমকপ্রদ অংশ হলো গাড়ির পূজা। যে চাচার স্বর্ণ চুরির অভিযোগ উঠেছে, সেই চাচাকেই নতুন গাড়ির পূজায় নিমন্ত্রণ করেছিলেন সমর। তবে আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। তদন্ত শেষে পুলিশ সমরকে গ্রেফতার করেছে। চুরি করা স্বর্ণ কেনার অভিযোগে এক স্বর্ণকারকেও আটক করা হয়েছে।

সূত্র: এনডিটিভি