গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস’ স্পোর্টসফেস্টের প্রেস মিট অনুষ্ঠিত

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের উদ্যোগে আয়োজিত ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট-সিজন ২ উপলক্ষে প্রেস মিট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের বাস্কেটবল কমপ্লেক্সে এ প্রেস মিট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল), সেক্রেটারি জেনারেল ও উল্লাস আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, ক্লাবের সহসভাপতি ও আয়োজক কমিটির ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, ভাইস চেয়ারম্যান এম আমির আলী মোস্তফা এবং ইফফাত আমবারিন জয়া। এ ছাড়া আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উল্লাস আয়োজক কমিটির স্পোর্টস কো-অর্ডিনেটর ফুয়াদ বিন সাজ্জাদ এবং প্রেস, মিডিয়া ও মার্কেটিং কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডু।

‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট-সিজন ২-এর গোল্ড স্পনসর ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করীমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ ছাড়া গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের নির্বাহী কমিটির সদস্য, অংশগ্রহণকারী ক্লাবগুলোর প্রধান সমন্বয়কারী ও অফিস সমন্বয়কারী, উল্লাসের বিভিন্ন কনভেনর ও কো-কনভেনর এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল) ‘উল্লাস’ ২০২৬-কে সফল ও স্মরণীয় করে তুলতে অংশগ্রহণকারী ক্লাব ও ক্রীড়াবিদদের আন্তরিক অংশগ্রহণ এবং ক্রীড়াঙ্গনের প্রসারে তাঁদের অঙ্গীকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি রাজউকের চেয়ারম্যানের প্রতি মূল্যবান সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি, রাজউকের আওতাধীন গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গুলশান ইয়ুথ ক্লাবের ওপর অর্পণ করায় রাজউকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, এ আস্থা ও সহযোগিতা ক্লাবকে কমপ্লেক্সটির সুষ্ঠু রক্ষণাবেক্ষণ, উন্নয়ন এবং কার্যকর ব্যবহারের মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে উৎসাহিত করেছে।

‘উল্লাস’ ২০২৬ আয়োজনের সঙ্গে যুক্ত স্পনসর ও পার্টনারদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। তার মতে, সবার অংশগ্রহণ, ক্রীড়াসুলভ মনোভাব, সহযোগিতা ও অব্যাহত সমর্থন এ ক্রীড়া উৎসবকে সফল ও স্মরণীয় করে তুলবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উল্লাস ২০২৬ আয়োজক কমিটির প্রেস, মিডিয়া ও মার্কেটিং সমন্বয়ক অজয় কুমার কুন্ডু।

তিনি অতিথি, অংশগ্রহণকারী ক্লাবের প্রতিনিধি, পৃষ্ঠপোষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যদের স্বাগত জানান। একই সঙ্গে আয়োজনের সাফল্য কামনায় সবার উপস্থিতি, সহযোগিতা ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লাস ২০২৬ আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্লাবের প্রতিনিধি, অতিথি, পৃষ্ঠপোষক ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান।

তিনি আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরে জানান, আগামী ৩০ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট-সিজন ২। সপ্তাহব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শেষে ৭ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হবে।

এবারের উৎসবে থাকছে ১৩টি ক্রীড়া ইভেন্ট, ১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, ৮ বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ ও আর্ম রেসলিং। এতে দেশের ২৪টি ক্লাবের ১ হাজার ২০০ জনের বেশি ক্রীড়াবিদ অংশ নেবেন বলে আয়োজকেরা জানিয়েছেন।

অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো অল কমিউনিটি ক্লাব লিমিটেড, বনানী ক্লাব লিমিটেড, বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড, বারিধারা কসমোপলিটন ক্লাব, বারিধারা ডিপ্লোম্যাটিক এনক্লেভ ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড, ক্লাব শাহীন লিমিটেড, করপোরেট এক্সিকিউটিভ ক্লাব, ঢাকা বোট ক্লাব লিমিটেড, ঢাকা ক্লাব লিমিটেড, গুলশান ক্লাব লিমিটেড, গুলশান নর্থ ক্লাব লিমিটেড, আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেড, ইন্টারন্যাশনাল রিক্রিয়েশন ক্লাব লিমিটেড, কুর্মিটোলা গলফ ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড, নেদারল্যান্ডস রিক্রিয়েশন সেন্টার (ডাচ ক্লাব, ঢাকা), নর্ডিক ক্লাব, সেইন্টস ক্লাব লিমিটেড, সিলেট ক্লাব লিমিটেড, দ্য ব্রিটিশ এইড গেস্ট হাউস অ্যাসোসিয়েশন (বাগা) ক্লাব, উত্তরা ক্লাব লিমিটেড এবং আয়োজক ক্লাব গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড।

আয়োজকেরা জানান, ‘উল্লাস’ ২০২৬-এর গোল্ড স্পনসর ওরিয়ন ফার্মা লিমিটেড। সিলভার স্পনসর হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড ও ফ্রেশ।

এ ছাড়া ব্রডকাস্ট পার্টনার টি-স্পোর্টস, হেলথ কেয়ার পার্টনার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল, আইসক্রিম পার্টনার সেভয় আইসক্রিম, ডেইলি এসেনশিয়াল পার্টনার ইউনিমার্ট, পিআর পার্টনার মিডিয়াকম লিমিটেড, টি/কফি পার্টনার এমা ব্রাজিলিয়ান কফি ব্লেন্ড, বেভারেজ পার্টনার মাম, হাইড্রেশন পার্টনার ব্রুভানা, টি-শার্ট পার্টনার ওয়েস্ট নিটওয়্যার লিমিটেড এবং স্পোর্টস ডাটা পার্টনার স্পোরডিয়াম।

অনুষ্ঠানে মেহেদী হাসান বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার সময়সূচি তুলে ধরেন এবং অংশগ্রহণকারী ক্লাবগুলোর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

তিনি আশা প্রকাশ করেন, ‘উল্লাস’ ২০২৬ ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমীদের জন্য আনন্দময় ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। একইসঙ্গে এ আয়োজন অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি ও সুস্থ প্রতিযোগিতার চেতনাকে আরও সুদৃঢ় করবে।