সৌদিতে ক্ষেপণাস্ত্র প্রতিহতের দৃশ্য রেকর্ড ও শেয়ার না করতে ভারতীয়দের সতর্কবার্তা

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দৃশ্য রেকর্ড বা শেয়ার না করতে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ভারত। আঞ্চলিক উত্তেজনা বাড়ার পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা জারি করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি সিভিল ডিফেন্স ডিরেক্টরেটের একটি বিজ্ঞপ্তি পুনরায় শেয়ার করেছে। তাতে বলা হয়েছে, সৌদি আরবে বসবাসরত ভারতীয় সম্প্রদায়কে স্থানীয় নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধ কার্যক্রম কিংবা সেগুলো পড়ার স্থান সংক্রান্ত কোনো তথ্য ধারণ, প্রকাশ বা শেয়ার করা আইনত দায়বদ্ধতার মুখে ফেলতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি ভূখণ্ডে বেসামরিক স্থাপনা ও বিমানবন্দর লক্ষ্যবস্তু হওয়ার ঘটনা বাড়ায় এই নির্দেশনা দেওয়া হলো। একইসঙ্গে রিয়াদ ও দাম্মাম থেকে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট আগামী ৭ নভেম্বর পর্যন্ত এবং জেদ্দা থেকে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ভারতীয় মিশন।

পরিস্থিতি সামলাতে জেদ্দা ও মক্কায় ২৪ ঘণ্টা খোলা কন্ট্রোল রুম চালু করেছে ভারতীয় কনস্যুলেট। ফ্লাইট বাতিলের কারণে ভিসা সংক্রান্ত জটিলতা মোকাবিলায় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।