মোজাম্বিককে ২০ রানে অলআউট করে বিশ্বরেকর্ড উগান্ডার

টি-টোয়েন্টি ক্রিকেটে অবিশ্বাস্য এক রেকর্ড গড়ল উগান্ডা। মোজাম্বিকের দেওয়া মাত্র ২০ রানের লক্ষ্য টপকাতে উগান্ডার লেগেছে মাত্র ৫ বল! ১০ উইকেটের এই বিশাল জয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অনন্য এক কীর্তি গড়েছে আফ্রিকার দেশটি, যা পেছনে ফেলে দিয়েছে ভারত ও বাংলাদেশের মতো বড় দলগুলোকেও।

মোজাম্বিকের দেওয়া মাত্র ২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উগান্ডার ওপেনার রবিনসন ওবুয়া বোলার ভিয়েরা টেম্বোকে ছক্কা মেরে দলকে ১০ উইকেটের সহজ জয় এনে দেন। এই জয়ের সুবাদে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩১ ম্যাচে ১০১তম জয় তুলে নিল উগান্ডা। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১০০ বা তার বেশি ম্যাচ জিতেছে এমন দলগুলোর মধ্যে উগান্ডার জয়-পরাজয়ের হারই (৩.৭৪) সবচেয়ে বেশি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২০০ জয় পেয়েছে ভারত। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ১ বল হাতে রেখে ৪ উইকেটের জয়ে এই মাইলফলক স্পর্শ করে দলটি। ৩০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ভারতের জয়-পরাজয়ের অনুপাত ২.৪০৯। ১০০ বা তার বেশি জয় পাওয়া দলগুলোর ক্যাটাগরিতে উগান্ডার পরেই ভারতের অবস্থান।

টি-টোয়েন্টিতে একশ বা তার বেশি ম্যাচ জয়ের ক্লাবে রয়েছে মোট ৯টি দল। এগুলো হলো—ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও উগান্ডা। যার মধ্যে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও উগান্ডা ছাড়া বাকি ছয় দলেরই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের গৌরব রয়েছে।

সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশ দল এখনও বেশ পিছিয়ে রয়েছে। এখন পর্যন্ত ২২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র ৮৯টিতে এবং হেরেছে ১২৮ ম্যাচে। টাইগারদের জয়-পরাজয়ের অনুপাত ১-এর কম (০.৬৯৫)।

অন্যদিকে, সামগ্রিক টি-টোয়েন্টিতে জয়-পরাজয়ের হারের দিক থেকে সবার ওপরে রয়েছে স্পেন। ৫৪ ম্যাচে ৪৪ জয়ের সুবাদে তাদের জয়ের হার ৪.৮৮৮। এর পরেই দ্বিতীয় অবস্থানে থাকা পর্তুগালের জয়ের হার ৪।