গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার এক শিক্ষককে থাপ্পড় মারার ঘটনার প্রতিবাদে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো উসকানিমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন হাফেজ জুবায়ের আহমাদ তাশরীফ। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্য নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠলে রোববার (২৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি ক্ষমা প্রার্থনা করেন।
রোববার রাতে দেওয়া ভিডিওবার্তায় নিজের অবস্থান পরিষ্কার করে তাশরীফ বলেন, আইনের প্রতি তারা সবসময় শ্রদ্ধাশীল। অপরাধ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের শাস্তি হওয়া উচিত। তবে একজনের অপরাধের কারণে কোনো প্রতিষ্ঠান ভাঙচুর করা বা অন্যদের ওপর হামলা চালানোর পক্ষে তিনি ছিলেন না বলে জানান।
উত্তেজিত অবস্থায় কিছু কথা বেরিয়ে যাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, তার বক্তব্যে অনেকে কষ্ট পেয়েছেন। যারা মনে আঘাত পেয়েছেন, তাদের কাছে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন। পাশাপাশি দেশ ও ইসলামের পক্ষে সবসময় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি টঙ্গীতে এক মাদ্রাসাকেন্দ্রিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ও শিক্ষককে থাপ্পড় মারার প্রতিবাদে তার দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।