অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

চলতি অক্টোবরের প্রথম ২৪ দিনে দেশে ২১৩ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৬ হাজার ২৮৫ কোটি টাকার বেশি। 

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের প্রথম দিন থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে ২১৩ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ১৯ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত— ৬ দিনেই ২৯ কোটি ৪০ লাখ ডলার এসেছে। যেখানে গত বছর অক্টোবরের প্রথম ২৪ দিনে দেশে ২০০ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

সবমিলিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১ হাজার ৭২ কোটি ৯০ লাখ ডলার। যেখানে আগের অর্থবছরের একই সময়ে দেশে ৯৫৮ কোটি ৮০ লাখ ডলার এসেছিল। এই হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবৃদ্ধির হার ১১ দশমিক ৯ শতাংশ।