নির্বাচনে ফায়দা পেতে ইরানে হামলা চান নেতানিয়াহু, বাধা সেনাপ্রধানের

ইসরায়েলের আসন্ন সংসদ নির্বাচনের আগে ইরানের সঙ্গে সামরিক সংঘাত তৈরি করতে চান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ ঘটনায় দেশটির সেনাপ্রধান ইয়াল জামিরের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে নেতানিয়াহু। সোমবার (২৬ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, রাজনৈতিক নেতৃত্ব যাতে নির্বাচনের ফায়দা তুলতে ইরানের সঙ্গে উত্তেজনাকে ব্যবহার করতে না পারে, সেজন্য সেনাপ্রধান রাজনৈতিক নেতৃত্বের কাছে বিস্তারিত আলোচনা এবং লিখিত আইনি অনুমোদনের দাবি জানিয়েছেন। এক নিরাপত্তা কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এই সামরিক পদক্ষেপ দ্রুতই ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের রূপ নিতে পারে।

ইসরায়েলের চ্যানেল ১৪-কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু সেনাপ্রধানের সঙ্গে দ্বন্দ্বের কথা অস্বীকার করে বলেন, ‘কোনো মুখোমুখি সংঘাত নেই।’ তিনি রাজনৈতিক উদ্দেশ্যে ইরান ইস্যু ব্যবহারের অভিযোগও প্রত্যাখ্যান করেছেন।

তবে ওই একই সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান, তিনি গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছেন এবং বলেন, তিনি মোসাদ ও সামরিক বাহিনীকে ইরানের সরকার পতনে কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি দাবি করেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করেছে এবং এই নির্বাচনকে অস্তিত্ব রক্ষার লড়াই বলে তুলে ধরেন।

এর আগে নেতানিয়াহু তেল আবিবের ওপর পারমাণবিক বিস্ফোরণের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি পোস্ট করেন। এর প্রতিক্রিয়ায় বিরোধী দলের নেতা গাদি আইজেনকোট এবং ইয়াইর গোলান নির্বাচনের আগে ভয় ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করেন।

সূত্র: আনাদোলু এজেন্সি