মানবতাবিরোধী অপরাধ মামলা

প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক ৭ মন্ত্রী-এমপির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রথমবারের মতো ট্রাইব্যুনালের বিচারে মুখোমুখি হতে যাচ্ছেন আমির হোসেন আমু, শাজাহান খান ও মির্জা আজমসহ পাঁচ শীর্ষ নেতা।

সোমবার (২৬ অক্টোবর) সকালে প্রসিকিউশন থেকে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন যাচাই-বাছাই শেষে শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন।

মামলায় অপর আসামির তালিকায় রয়েছেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।

প্রসিকিউশন জানায়, দীর্ঘ তদন্ত শেষে সাবেক সাতজন এমপি-মন্ত্রীসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করেছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। প্রতিবেদনটি যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

তদন্ত সংস্থার প্রতিবেদনে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে হামলা-উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর মির্জা আজম, আমির হোসেন আমু, শাজাহান খান, ফারুক খান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী প্রথমবারের মতো মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারের মুখোমুখি হবেন। তবে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দীপু মনি ও আবদুর রাজ্জাকের বিরুদ্ধে এরই মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।